ডুমুরিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

0
ডুমুরিয়ার আঠারোমাইল বাসস্ট্যান্ডে দুর্ঘটনা কবলিত স্থান ও দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল ।। ছবি: লোকসমাজ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ॥ খুলনার ডুমুরিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার আঠারোমাইল বাসস্ট্যান্ডে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে একটি মোটরসাইকেলে দুজন যুবক আঠারোমাইল বাজারের পাইকগাছা রোড থেকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে উঠছিলেন। তাঁরা কামরুলের মিষ্টির দোকানের সামনে পৌঁছামাত্রই ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বেপরোয়া গতির বাস (ঢাকা মেট্রো-ব-১২-১২৫৯) তাঁদের সজোরে ধাক্কা দেয়।

এতে তাঁরা দুজনেই মহাসড়কের ওপর ছিটকে পড়ে তাঁদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয় এবং তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাঁদেরকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই যুবক হলেন, উপজেলার নরনিয়া গ্রামের মৃত আব্দুল বারী গাজীর ছেলে রফিউর রহমান রউফ (৪৩) এবং একই গ্রামের আব্দুল মালেক সরদারের ছেলে ইউনুস আলী (২৫)।

এ বিষয়ে খর্ণিয়া (চুকনগর) হাইওয়ে থানার ইনচার্জ এসআই মুনসি পারভেজ হাসান বলেন, ঘাতক বাসটিকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়ায় তাঁদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।