পাইকগাছায় ঘেরে নৌকায় চড়ার অপরাধে পিটুনিতে আহত ৫

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছার কপিলমুনির মৎস্য ঘেরে নৌকায় চড়ার অপরাধে ৫ কিশোরকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় কপিলমুনি পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। ঘটনাটি ঘটেছে কপিলমুনির নাছিরপুর একটি চিংড়ি ঘেরে গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে। শখ করে নৌকা চড়তে গিয়েছিল তারা। আর ঘের মালিক গরান কাঠ দিয়ে পিটিয়ে আহত করেছে ওই ৫ কিশোরকে। তাদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। আহতরা হলো আবির বিশ্বাস, সুজন বিশ্বাস, শহিদ বিশ্বাস, শিমুল বিশ্বাস ও শুভ। ঘটনার ভিডিও ধারণও করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাছির পুর নিকারি পাড়ার আব্বাস নিকারির নাছিরপুর চিংড়ি ঘেরে তার প্রতিবেশী কয়েক যুবক করে নৌকা চড়তে যায়। এসময় আব্বাস নিকারি ঘেরে নেমে নৌকায় চড়ে ঘেরের মধ্যে ভ্রমণ করার অপরাধে তাদেরকে গরানের লাঠি দিয়ে বেড়ধড়ক পিটিয়ে আহত করে। এক পর্যায়ে তারা নৌকা থেকে লাফ দিয়ে পালাতে থাকলে সেখানেও মারধর চলে। স্থানীয় কয়েকজন গিয়ে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহতদের মোবাইল ফোন ও কিছু টাকা নষ্ট হয়ে যায়। এব্যাপারে জানতে চাইলে আব্বাস নিকারি বলেন, ঘেরের মধ্যে নৌকা চড়ার অপরাধে পিটানো হয়েছে।
এঘটনায় আহতদের চাচা ওহিদুল বিশ্বাস শনিবার কপিলমুনি পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছে। পুলিশ এখনও কোনো ব্যবস্থা নেয়নি।
কপিলমুনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আলীম জানান, ব্যস্ত থাকার কারণে এখনও কোনো ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। তবে মঙ্গলবার বিষয়টি নিয়ে বসাবসির কথা রয়েছে।