নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ চার নারীসহ গ্রেফতার ৫

0
ছবি: সংগৃহীত।

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় প্রতিবেশী সাইফুল বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে নড়াইল জেলা হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরআগে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকায় নেওয়ার পথে আহত সাইফুল মারা যান।

এ ঘটনায় বুধবার ভোরে আগদিয়া গ্রাম থেকে চার নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন-আগদিয়া গ্রামের আজমল বিশ্বাস, খাদিজা বেগম, হুসনেয়ারা বেগম, রানী খাতুন ও জেসমিন নাহার।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত আজমল বিশ্বাসের টিউবওয়েলের ব্যবহৃত পানি প্রতিনিয়ত সাইফুল বিশ্বাসের বাড়িতে গিয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে কথাকাটাকাটির জের ধরে মঙ্গলবার ভোরে আজমল বিশ্বাসসহ পরিবারের লোকজন সাইফুল বিশ্বাসকে পিটিয়ে আহত করেন।

গুরুতর আহত সাইফুলকে জেলা হাসপাতালে আনার পর অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে ওইদিন (মঙ্গলবার) রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, এ ঘটনায় সাইফুল বিশ্বাসের স্ত্রী লাভলী বেগম ১০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন।আসামিদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।