পাইকগাছার সাবেক এমপি রশীদুজ্জামান রিমান্ডে, শাস্তির দাবিতে বিক্ষোভ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানকে আদালত জামিন না মঞ্জুর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে। গত ১৬ অক্টোবর বুধবার ভোররাতে তিনি পুটুয়াখালীর মহিপুর এলাকার একটি আবাসিক হোটেল থেকে র‌্যাব -৬ ও র‌্যাব -৮ যৌথ অভিযানে গ্রেফতার হন। ১৭ অক্টোবর বৃহস্পতিবার তাকে খুলনার পাইকগাছা থানায় সোপর্দ করা হয়। পরে তাকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ২০২২ সালের একটি মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার সকালে সরকার পক্ষ তার ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করে। জামিন শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন শেখ তৈয়েব হোসেন নুর ও সরকার পক্ষে ছিলেন বিএম ইকরামুল হক। উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদের আদেশ দেয় ।
এদিকে রশীদুজ্জামানকে আদালতে নেওয়ার সময় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়। উপজেলা বিএনপি সিনিয়র নেতা এসএম এনামুল হক আসলাম পারভেজের নেতৃত্বে মিছিলে অংশ নেয় বিএনপি, অংগ সংগঠন ও সাধারণ জনগণ। এ সময় সেনাবাহিনী ও পুলিশ রশীদুজ্জামানকে কঠোর নিরাপত্তা দিয়ে থানায় নিয়ে যায়।