পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলা: আজ মঙ্গলবার শুরু হচ্ছে আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণ

0
পল্লবীতে শিশু হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ।। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় আজ মঙ্গলবার (২ জুন) সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই কার্যক্রম পরিচালিত হবে।

এর আগে সোমবার (১ জুন) ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে প্রধান আসামি সোহেল রানা ও অপর আসামি স্বপ্না আক্তারকে উপস্থিত করে অভিযোগ গঠন শুনানি সম্পন্ন হয়। শুনানি শেষে আদালত মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে পাঠিয়ে পরবর্তী কার্যক্রমের জন্য আজকের তারিখ ধার্য করেন। গত ২৪ মে আদালত পুলিশের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে ১ জুন অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারণ করেছিলেন।

মামলার নথি অনুযায়ী, নিহত রামিসা আক্তার পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাচ্ছিলেন না তার মা। প্রতিবেশী একটি ফ্ল্যাটের সামনে স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয় পরিবারের। দরজায় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সোহেল রানার শোবার ঘরে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং বাথরুমে বালতির ভেতর তার মাথা পাওয়া যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে স্বপ্না আক্তারকে হেফাজতে নেয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেফতার করে। গ্রেফতারের পরদিন ২০ মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। জবানবন্দিতে ইয়াবা সেবনের বিষয়েও উল্লেখ রয়েছে বলে জানা গেছে।

ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন ও ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আশা করছেন, দ্রুত সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে অল্প সময়ের মধ্যেই মামলার রায় ঘোষণা করা সম্ভব হবে।