পদ্মা সেতু দিয়ে বেনাপোল-ঢাকা রুটে ট্রেন চলবে আজ

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা॥ দীর্ঘ প্রতীক্ষার পর পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা নতুন রুটে আজ ২৪ ডিসেম্বর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম বেনাপোল রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। ট্রেনটি পৌঁনে ৪ ঘণ্টায় বেনাপোল থেকে ঢাকায় পৌঁছাবে।
বেনাপোল রেলস্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান বলেন, বেনাপোল-ঢাকা- বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেনটি প্রতি সাপ্তাহে সোমবার বন্ধ থাকবে। নতুন এ ট্রেনে মাত্র পৌঁনে চার ঘণ্টায় ঢাকা থেকে বেনাপোল পৌঁছানো যাবে। বর্তমানে ট্রেনযোগে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে বেনাপোল যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট সময় লাগে। পদ্মা সেতু হয়ে ঢাকা- বেনাপোল নতুন রুটে ট্রেন চলাচল শুরু হলে যাত্রীদের বেনাপোল থেকে ঢাকা যেতে প্রায় ৪ ঘণ্টা সময় বাঁচবে।
বেনাপোল থেকে ৮২৭/৮২৮ আপ ও ডাউন রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সকাল পৌঁনে ১১টায় ছেড়ে দুপুর ২ টা ২৫ মিনিটে বেনাপোল পৌঁছুবে। বিকেল সাড়ে ৩টায় ছেড়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে। ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন থেকে যাত্রী ওঠাবে।