নোয়াখালীতে দুপক্ষের গোলাগুলি: নিহত- ৫

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ থেকে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডসংলগ্ন জাগলার চর এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন আলাউদ্দিন (৪০), সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। অপর চারজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি তবে তদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাগলার চরের জমি এখনো সরকারি ভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এ সুযোগে গত ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী চরের বেশ কিছু জমি বিক্রি করে। পরে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনীও ওই চরের জমি দখল ও বিক্রির চেষ্টা শুরু করে। একপর্যায়ে উভয়পক্ষ আলাদা আলাদাভাবে জমি বিক্রি করতে গেলে তাদের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে জাগলার চরের জমি দখলকে কেন্দ্র করে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয়পক্ষ বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে।

এ সময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে আলাউদ্দিনসহ চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে আলাউদ্দিনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর চারজনের মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।