নির্মাণের ৯ বছরেও অব্যবহৃত বেনাপোল বাস টার্মিনাল

0
ছবি: সংগৃহীত।

মো. কামাল হোসেন, বেনাপোল (যশোর) ॥ বেনাপোলে নতুন বাস টার্মিনাল নির্মাণের নয় বছর পার হলেও আজও চালু হয়নি। চেকপোস্টে যানজট কমানোর লক্ষ্য নিয়ে অদূরেই কাগজপুকুর এলাকায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় পৌর বাস টার্মিনাল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেনাপোল পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৪-১৫ অর্থবছরে পৌর বাস-ট্রাক টার্মিনাল, পাঁচ কিলোমিটার সড়ক ও দুই কিলোমিটার ড্রেন নির্মাণের জন্য প্রথমে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। পরে জমির মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে আরও ১০ কোটি টাকা বরাদ্দের আবেদন করা হয়। এর মধ্যে বাস টার্মিনাল নির্মাণে প্রায় ১৬ কোটি টাকা ব্যয় হয়েছে।

২০১৭ সালের ২৩ জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। ২০১৮ সালের মে মাসে নির্মাণকাজ শুরু হলেও অর্থসংকটে ২০১৯ সালের জুলাইয়ে কাজ বন্ধ হয়ে যায়। পরে নির্মাণ শেষ হলেও টার্মিনালটি কার্যকরভাবে চালু করা সম্ভব হয়নি। সর্বশেষ ২০২৪ সালের ৭ নভেম্বর নতুন করে চালুর উদ্যোগ নেওয়া হলেও কয়েক দিনের মধ্যেই তা ভেস্তে যায়।

সরেজমিনে দেখা যায়, টার্মিনালে যাত্রী ছাউনি, টিকিট কাউন্টার, পার্কিং এলাকা ও অভ্যন্তরীণ সড়কসহ প্রয়োজনীয় সব অবকাঠামো থাকলেও অধিকাংশ সময় সেটি ফাঁকা পড়ে থাকে। অন্যদিকে চেকপোস্ট এলাকায় আগের মতোই বাস দাঁড়ানো ও যাত্রী ওঠানামার কারণে যশোর-বেনাপোল মহাসড়কে প্রতিদিন দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন অব্যবহৃত থাকায় টার্মিনালটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হচ্ছে এবং সরকারি স্থাপনাটিও ধীরে ধীরে নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়ছে।

স্থানীয় বাসিন্দা জহির আহমেদ বলেন, প্রতিদিন যানজটে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হয়। অথচ কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত টার্মিনালটি ব্যবহারই করা হচ্ছে না। ব্যবসায়ী রায়হান হোসেন বিল্লাল বলেন, নতুন টার্মিনাল চালু হলে চেকপোস্ট এলাকার চাপ অনেকটাই কমে যাবে। ইজিবাইকচালক আরিফ হোসেন বলেন, সব বাস নতুন টার্মিনাল ব্যবহার করলে যানজটও অনেকাংশে কমবে।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, প্রশাসন, পৌরসভা, বন্দর কর্তৃপক্ষ, পুলিশ এবং পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে দ্রুত সমন্বয় করে নতুন টার্মিনাল কার্যকর করতে হবে। প্রয়োজনে সব দূরপাল্লা ও আন্তজেলা বাসের জন্য এটি ব্যবহার বাধ্যতামূলক করা উচিত।

যশোর-১ (শার্শা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাও. আজিজুর রহমান বলেন, জনগণের অর্থে নির্মিত কোনো সরকারি স্থাপনা বছরের পর বছর অকার্যকর পড়ে থাকা কাম্য নয়। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে বাস টার্মিনালটি দ্রুত কার্যকরভাবে চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে যানজট কমে এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এর সুফল পান।