নির্বাচন এবং গণভোট সুচারুভাবে সম্পন্ন হবে: ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা

0
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ইয়ার ইয়াবস।। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় নির্বাচন ও গণভোট সুচারুভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রবিবার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইয়ার ইয়াবসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি রাজনৈতিক দলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ সমান থাকবে। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি এবং দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’ থাকবে, যা কেন্দ্রীয়ভাবে অ্যাপের মাধ্যমে মনিটর করা হবে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ‘র‍্যাপিড রেসপন্স স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে দায়িত্ব পালন করবে।

সাক্ষাৎকালে গণভোট প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে এবং এতে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই বলে আইন বিশেষজ্ঞরা মত দিয়েছেন। ইইউ প্রতিনিধি দল এই গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ার প্রশংসা করে জানান, তারা সারা দেশে বড় রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করবেন। প্রধান উপদেষ্টা ইইউ পর্যবেক্ষক দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই মিশন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি বড় স্বীকৃতি।