নিত্যপণ্যের বাজারে অভিযান, সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

0

লোকসমাজ ডেস্ক॥ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ১৩৪টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১৫ জুলাই) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়। অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এদিন ঢাকা মহানগরীর মালিবাগ, শান্তিনগর, রামপুরা, ভাটারা, বনানী, গুলশান ১, গুলশান ২ এলাকার বিভিন্ন নিত্যপণ্যের বাজার, সুপারশপ এবং ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা এবং মাগফুর রহমান।
এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
তদারকিকালে মসলা, ভোজ্যতেল, চাল, পেঁয়াজ, আদা,চিনি, কাঁচা সবজি, ঔষধ, স্যানিটাইজার ও মাস্কসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ঔষধ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য, নকল মাস্ক ও স্যানিটাইজার, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ১৩৪টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভোক্তা অধিকার নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। এছাড়া ঢাকাসহ সারাদেশে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম তদারকি করা হয়।
এ প্রসঙ্গে অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, ‘আসন্ন ঈদুল আজহা এবং করোনাকালে বাজারে নিত্যপণ্যের মূল্য যৌক্তিক ও ভোক্তা সহনীয় পর্যায়ে রাখতে সারাদেশে অধিদফতরের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। বাজারে নিত্যপণ্যের মূল্য সহনীয় ও স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক কেনাবেচা করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়।’