নিজেদের ধর্মীয় সংখ্যালঘু না ভেবে বাংলাদেশি ভাবুন : অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত সনাতন ধর্মাবলম্বীদের নিজেদের ধর্মীয় সংখ্যালঘু না ভেবে ‘বাংলাদেশি’ ভাবার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘দেশে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু বলতে কিছু নেই। পাহাড় কিংবা সমতলে বসবাসকারীদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। বাংলাদেশ নামক ভূখণ্ডে যারা বসবাস করি, আমাদের একটিই পরিচয় আমরা বাংলাদেশি। ধর্মীয় কিংবা রাজনৈতিক বিশ্বাসের ভিন্নতার কারণে নিজেদের মধ্যে বিভেদরেখা টানার সুযোগ নেই।’

শনিবার যশোরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সনাতন ধর্ম সমাজ যশোর সদর উপজেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ‘ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাস থেকে নয়, মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। এই শিক্ষা আমার পরিবার, রাজনৈতিক দল এবং শিক্ষাপ্রতিষ্ঠান দিয়েছে। নিজেদের আত্মকেন্দ্রিক দর্শন থেকে বেরিয়ে আসতে হবে। দীর্ঘদিন ধরে সমাজে বিভক্তি রেখা টানা হয়েছে; ফলে আমরা সম্মিলিতভাবে কিছু ভাবতে এবং করতে পারিনি। আমরা বিশ্বাস করি, চব্বিশের গণঅভ্যুত্থান নতুন করে দেশ গড়ার সুযোগ করে দিয়েছে। তাই সমাজ ও রাষ্ট্র গঠনে নতুন করে চিন্তাভাবনা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি মনে করে সমাজ ও রাষ্ট্র গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের ভূমিকা রয়েছে। তাই নতুন করে দেশ গড়ার জন্য সকলকে সক্রিয় হতে হবে। সকল ক্ষেত্রে রাজনীতি টানার প্রয়োজন নেই। বিগত দিনে মসজিদ, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন দলীয়করণের জালে আবদ্ধ ছিল।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর যখন কিছু অতিউৎসাহী রাজনৈতিক দল বিপ্লবী আচরণের মাধ্যমে দেশের সংবিধানকে আপাদমস্তক পরিবর্তনের কথা বলে, তখন মুক্তিযোদ্ধাদের দল বিএনপি জোরালো প্রতিবাদ জানিয়ে বলেছিল একাত্তরকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব ভাবা যাবে না।’

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন যশোর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাবেক সভাপতি অসীম কুণ্ডু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক অলোক ঘোষ, সদস্য সচিব নির্মল কুমার বিট, বৈষম্যবিরোধী সনাতন সমাজ যশোর জেলা শাখার আহ্বায়ক মৃণাল কান্তি দে এবং সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রবিন পাল প্রমুখ।

মতবিনিময় সভাটি পরিচালনা করেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি শ্যামল দাস।