নানা সমস্যায় ধুঁকছে ঝিনাইদহ সরকারি শিশু হাসপাতাল

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ ২৫ শয্যার সরকারি শিশু হাসপাতালটি জনবল সংকটের কারণে শিশুদের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ডাক্তার সংকট তেমন না থাকলেও শিশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্যে নেই ল্যাবরেটরি। ফলে ছোট খাটো পরীক্ষাও বাইরে থেকে করে আনতে হচ্ছে অভিভাবকদের। এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর ২০টি পদে কোন নিয়োগ না দেওয়ায় শিশু হাসপাতালের স্বাভাবিক কাজ চরমভাবে বিঘিœত হচ্ছে। এটি বাংলাদেশের একমাত্র সরকারি শিশু হাসপাতাল হওয়ায় সব সময় রোগীর ভিড় লেগেই আছে। প্রতিদিন গড়ে তিন শ শিশুকে এখান থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ২৫ শয্যার বিপরীতে ৫০ জন রোগী সব সময় ভর্তি থাকছে। ঝিনাইদহ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ২০০৫ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৫ কোটি ৬৪ লাখ দুই হাজার ৮৭ টাকা খরচ করে ৩ একর জমির ওপর হাসপাতালটি নির্মাণ করে। ২০০৬ সালের দিকে হাসপাতালটির উদ্বোধন করা হলেও কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় হাসপাতালের মূল ভবন, স্টাফ কোয়ার্টারসহ বিভিন্ন স্থাপনা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। লুট হয়ে যায় মূল্যবান যন্ত্রপাতিসহ কয়েক কোটি টাকার মালামাল। ২০১৯ সালের দিকে দুই কোটি ১৫ লাখ টাকা খরচ করে হাসপাতালের মেরামত ও সংস্কার করা হয়। ২০২১ সালের ৯ জানুয়ারি নির্মানের ১৫ বছর পর শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হয়। শুরুতেই সংকটে পড়ে দেশের একমাত্র সরকারি শিশু হাসপাতালটি। ডাক্তার ও নার্সসহ বিভিন্ন বিভাগে লোকবল সংকট দেখা দেয়। ধীরে ধীরে ডাক্তার ও নার্স সংকট কিছুটা কাটিয়ে উঠলেও চালুর তিন বছরেও শিশু হাসপাতালে ওয়ার্ডবয়, আয়া, কুক, মশালচি, মালি, ঝাড়–দার ও সুইপার পদে কোন নিয়োগ দেওয়া হয়নি। এতে প্রশাসনিক কাজে জটিলতা সৃষ্টি হচ্ছে। পদে পদে বিঘিœত হচ্ছে চিকিৎসাসেবা ও দাপ্তরিক কাজে।
হরিণাকু-ুর গোবরাপাড়া গ্রামের রাবেয়া খাতুন জানান, শিশু রোগী ভর্তি হয়ে চিকিৎসা পেলেও শিশু হাসপাতালে পরীক্ষা নীরিক্ষার কোন ব্যবস্থা নেই। সুইপার না থাকার কারণে হাসপাতালের টয়লেটগুলো ব্যবহার করা যায় না। এদিকে জনবল নিয়োগ না করায় হাসপাতালের সুরম্য স্টাফ কোয়াটারগুলো পড়ে থেকে নষ্ট হচ্ছে।
শিশু হাসপাতালের দায়িত্বে থাকা জুনিয়র কনসালটেন্ট ডা. আলী হাসান ফরিদ (জামিল) জানান, সমস্যা -সংকটের মধ্যেও আমরা সাধ্যমতো চেষ্টা করছি শিশু রোগীদের উন্নত সেবা প্রদানের। তিনজন চিকিৎসকের স্থায়ী নিয়োগ রয়েছে। তিনজন চিকিৎসক ডেপুটেশনে আছেন। ২১ জন নার্সের মধ্যে ১৯ জন আছেন। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সব পদই ফাঁকা রয়েছে।
তিনি বলেন, জনবল ও প্যাথজলির যন্ত্রপাতি চেয়ে তিন বছরে অন্তত ১০ বার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। জনবল নিয়োগ ও প্যাথজলির যন্ত্রপাতি বরাদ্দ হলে শিশু হাসপাতালটির স্বাস্থ্যসেবা আরো উন্নত হবে বলে তিনি আশা করেন।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ জানান, শিশু হাসপাতালটির পূর্ণাঙ্গতা ফিরিয়ে আনতে প্রতিনিয়ত মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। আশা করা যায় জনবল ও যন্ত্রপাতির সংকট দূর হবে।