নতুন ভিসানীতি করছে সরকার

0
আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে নতুন ভিসানীতির খসড়া অনুমোদন দেওয়া হয়।। ছবি: সংগৃহীত
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করার পাশাপাশি পর্যটন খাতের বিকাশ ও জাতীয় নিরাপত্তা সুসংহত করতে নতুন ভিসানীতি প্রণয়ন করছে সরকার। এর অংশ হিসেবে ২০০৬ সালে প্রণীত বিদ্যমান ভিসা নীতিমালা সংশোধন করে ‘ভিসানীতি-২০২৬’ এর একটি খসড়া আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়েছে। খসড়াটি চূড়ান্তভাবে পরিমার্জনের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

আজ বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, দীর্ঘ দুই দশক আগের পুরনো ভিসা নীতিমালা পরিমার্জনের লক্ষে মন্ত্রিসভায় খসড়াটি উত্থাপন করা হয়।

পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এই নতুন নীতিমালার মূল উদ্দেশ্য হলো—বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান প্রক্রিয়াকে সম্পূর্ণ সহজ ও সুশৃঙ্খল করা, আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা এবং পারস্পরিকতা নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা ঢেলে সাজানো।

এছাড়া একটি আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাকেও এই নীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত বিশেষ এই মন্ত্রিসভা কমিটিকে সম্পূর্ণ সাচিবিক সহায়তা প্রদান করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।