ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

0
বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আফতাব মজুমদার জয়।। ফাইল ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আফতাব এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির দায়িত্বশীল পদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন সংগঠনের মহানগর কমিটির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ভুক্তভোগী এক তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে গত ১৯ জুলাই চান্দগাঁও থানায় আফতাবের বিরুদ্ধে নিয়মিত মামলাটি রজু করা হয়। মামলা দায়েরের পর অভিযুক্ত আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণী ও এজাহার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের পর অভিযুক্ত আফতাব বিয়ের প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এর ধারাবাহিকতায় গত ১৪ জুলাই রাতে চান্দগাঁও থানা এলাকার ‘সুইট প্যালেস’ নামক হোটেলের ২০৮ নম্বর কক্ষে বিয়ের আশ্বাস দিয়ে ভুক্তভোগীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

পরবর্তীতে ভুক্তভোগী তরুণী আফতাবকে বিয়ের জন্য বারবার অনুরোধ জানালেও তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন। একপর্যায়ে ভুক্তভোগী তরুণী অনুসন্ধান করে জানতে পারেন যে, অভিযুক্ত আফতাব আগে থেকেই বিবাহিত এবং তিনি প্রতারণা করেছেন।

এই ঘটনায় বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৩ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারায় চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়। মামলার পরপরই অভিযুক্ত এনসিপি নেতাকে পুলিশ গ্রেপ্তার করে।