দেশের জন্য সর্বস্ব দিয়ে ভূমিকা রাখতে চাই: জাইমা রহমান

0
দীর্ঘ ১৭ বছর পর প্রিয় স্বদেশে ফেরার প্রাক্কালে নিজের অনুভূতি ও আগামীর সংকল্প ব্যক্ত করলেন ব্যারিস্টার জাইমা রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার প্রাক্কালে এক আবেগঘন বার্তায় নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও আদর্শের কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বস্ব দিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

পোস্টটিতে তিনি তাঁর দাদি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কাটানো শৈশবের স্মৃতিচারণ করেন। জাইমা লেখেন, “দাদুর কাঁধে পুরো দেশের দায়িত্ব থাকলেও আমাদের কাছে তিনি ছিলেন কেবলই এক মমতাময়ী অভিভাবক। তাঁর কাছ থেকেই আমি নেতৃত্বের প্রথম শিক্ষা—নম্রতা, আন্তরিকতা আর মন দিয়ে শোনার মানসিকতা পেয়েছি।”

দাদুর আদুরে নাতনি থেকে দায়িত্বশীল নাগরিক; জাইমা রহমানের ফেসবুক বার্তায় উঠে এলো এক অনন্য জীবনগল্প।। ছবি: জাইমা রহমানের ফেসবুক পোষ্ট থেকে

প্রবাস জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, লন্ডনের দিনগুলো তাঁকে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিলেও তাঁর হৃদয় সবসময় বাংলাদেশেই ছিল। আইন পেশার অভিজ্ঞতা তাঁকে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে শিখিয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতি উল্লেখ করে তিনি জানান, ৫ আগস্টের আগে-পরে নেপথ্যে থেকে সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করেছেন তিনি।

দেশে ফেরা প্রসঙ্গে জাইমা রহমান বলেন, “দেশে ফেরা মানে আবেগ আর অনুভূতির সংমিশ্রণ। দেশে ফিরে ইনশাআল্লাহ আমি দাদুর পাশে থাকতে চাই এবং আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই।” নিজের চোখে প্রিয় বাংলাদেশকে নতুন করে দেখার এবং মানুষের মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষাও ব্যক্ত করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের আদর্শকে পাথেয় করে সামনের পথে হাঁটার প্রত্যয় জানান বিএনপির এই ভবিষ্যৎ কাণ্ডারি।