দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

0
খুলনা-সিলেটসহ ৮ অঞ্চলে কালবৈশাখী ও বজ্রবৃষ্টির আভাস দিল আবহাওয়া দপ্তর ।। ছবি: সংগৃহীত
আজ সোমবার (২৭ জুলাই) দুপুরের মধ্যে দেশের আটটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বিশেষ পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই আবহাওয়া প্রবাহিত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে অঞ্চলগুলোতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

নৌযান চলাচল ও সম্ভাব্য দুর্যোগ এড়াতে এসব এলাকার নদীবন্দরগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।