দিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির আমন্ত্রণ

0
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।। ছবি: সংগৃহীত

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভারত সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এবং তা ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

বর্তমানে ১১টি দেশ—ব্রাজিল, চীন, মিসর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত ব্রিকসের পূর্ণাঙ্গ সদস্য হলেও বাংলাদেশ এই আন্তর্জাতিক জোটের সদস্য নয়। তা সত্ত্বেও আয়োজক দেশ হিসেবে ভারত বাংলাদেশকে এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

সংবাদ সম্মেলনে ভারতের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি ও ছাত্র আন্দোলন নিয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত সরকার তাদের জনগণের চাহিদা ও অবস্থান বিবেচনায় নিয়ে দ্রুত উদ্ভূত সমস্যার শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করবে।