দিনে দিনমজুর রাতে ডাকাত লোহাগড়ায় তিন ডাকাত গ্রেফতার

0

 

শিমুল হাসান,লোহাগড়া(নড়াইল)॥ নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া শুক্রবার সকালে লোহাগড়া থানার কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশ বৃহস্পতিবার দিনে ও রাতে বাগেরহাটের কচুয়া থানায় অভিযান চালিয়ে গজালিয়া গ্রামের আহম্মদ শেখের ছেলে ডাকাতদলের সদস্য ফেরদৌস শেখ(৩৫), বাগেরহাট থানার খানপুর গ্রামের ইউনুস হালদারের ছেলে জিয়া হালদার(৪০) ও নড়াইলের লোহাগড়া থানার চরলংকারচর গ্রামের জলিল গাজীর ছেলে বাহার গাজীকে(২৩) গ্রেফতার করেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন জানান, লোহাগড়া থানার চরবকজুড়ি গ্রামের রজিবর রহমানের ছেলে নাহিদ আলমের বাড়িতে গত বছরের ৫ আগস্ট রাতে ডাকাতি হয়। ডাকাতরা রাতের খাবারের সাথে অচেতন করবার ওষুধ মিশিয়ে দিয়ে ওই বাড়ির সদস্যদের অজ্ঞান করে প্রায় সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়। ওই ঘটনায় ভুক্তভোগী নাহিদ আলম লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।
প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া আরো জানান, দিনমজুর (পাটকাটা শ্রমিক) সেজে ওই ডাকাতদল এলাকায় কয়েকদিন যাবত অবস্থান করছিল। স্থানীয় একজনের সহযোগিতায় নাহিদ আলমের বাড়িতে তারা জানালার গ্রিল ভেঙ্গে প্রবেশ করে ডাকাতি করে। এর আগে তারা রাতের খাবারে অচেতন করবার ওষুধ মেশায়। তিনি বলেন, বাড়ির খাবার জানালার পাশে বা উন্মুক্ত স্থানে রাখা ঝুঁকিপূর্ণ। তাই সকলকে সাবধানতা অবলম্বনের তাগিদ দেন তিনি।