কপিলমুনিতে জমি নিয়ে বিরোধে ভাইয়ের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধের মৃত্যু

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা:
কপিলমুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় পড়ে গিয়ে বীরেন বৈরাগী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার নাবা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে জমি ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, এ সময় ছোট ভাই কিরণ বৈরাগীর ধাক্কায় বীরেন বৈরাগী মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কপিলমুনি ১০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বীরেন বৈরাগী ওই গ্রামের মৃত মাদার বৈরাগীর ছেলে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার পর অভিযুক্তের পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে আত্মগোপন করেছেন।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।