দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আরোহী দুই যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ওই গ্রামের মাদ্রাসার কাছে। নিহত মোটরসাইকেল আরোহী সুইট (২৫) পুরান বাস্তপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে ও নাহিদ (২০) একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুইট ও নাহিদ মোটরসাইকেলে দ্রুতগতিতে পাশের রঘুনাথপুর গ্রাম থেকে নিজ গ্রাম পুরাতন বাস্তপুরে ফিরছিলেন। গ্রামে ঢোকার মুখে মাদ্রাসার কাছে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাক্টরের পেছনে দ্রুতগতির মোটরসাইকেলে ধাক্কা লাগলে দুজন ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, পুরাতন বাস্তপুর গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন মারা গেছেন । ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।