দর্শনা-খুলনা দ্বৈত রেলপথ নির্মাণে খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থদাতা

0

সাইফুর রহমান সাইফ ।। প্রকল্প হাতে নেয়া হয়েছে ২০১৮ সালে। নিয়োগ করা হয়েছে জনবল। কিন্তু কাজ শুরু হয়নি এখনো। এখন খোঁজা হচ্ছে ডোনার বা দাতা। আর তা করতে পার হয়েছে এতগুলো বছর। এমন অবস্থা দর্শনা – খুলনা দ্বৈত রেলপথ নির্মাণের ক্ষেত্রে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার দৈনিক লোকসমাজকে বলেন, দীর্ঘদিন ধরে দর্শনা – খুলনা দ্বৈত রেলপথ বা ডাবল লাইন নির্মাণের জন্যে ডোনার বা দাতা খোঁজা হচ্ছে। তা এখন একটা পর্যায়ে আছে।
কবে নাগাদ তা পাওয়া যাবে – এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কবে পওয়া যাবে জানিনা। পাওয়া গেলে তো ভালো হতো। আমিও চাই দর্শনা – খুলনা রুটে ডাবল লাইন হোক। কিন্তু চাইলেই তো আর হয় না।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের সে সময়কার সহকারী নির্বাহী প্রকৌশলী গাজী ওয়ালিউল হক বছর দুয়েক আগে দৈনিক লোকসমাজকে বলেছিলেন, ১২৬ দশমিক ৫ কিলোমিটারের ডাবল লাইন নির্মাণের জন্যে কনসালট্রেডেড টেন্ডার হয়েছে। অর্থাৎ কনসালটেশন বা আলোচনার জন্যে টেন্ডার হয়েছে।
অবশ্য নির্মাণ কাজ কোন পর্যায়ে তিনি তা জানাতে পারেননি। বলেন, একেবারেই প্রাথমিক পর্যায়ে। আমরা মাঠ পর্যায়ের বাস্তবায়ন কর্তৃপক্ষ। সিদ্ধান্ত না হলে তা আমাদের জানার কথা নয়।
রেলওয়ে সূত্র জানায়, ১৮৬২ সালে ১৫ নভেম্বর যাত্রা শুরু হওয়া বাংলাদেশ রেলওয়ের ২০০৯ সাল পর্যন্ত আয়তন ছিল ৩ হাজার ৬শ কিলোমিটার। শুরুতে যা ছিল ৫৩ দশমিক ১১ কিলোমিটার। যাত্রার সময়ে চুয়াডাঙ্গার দর্শনা ও কুষ্টিয়ার জগতীর ভেতর রেল সংযোগ ছিল। চাহিদার সাথে এর পরিধি বাড়ছে। তবে তা যেভাবে বাড়া উচিত ছিল তার চেয়ে স্লথ গতিতে। দর্শনা – খুলনা দ্বৈত রেলপথ নির্মাণের ক্ষেত্রেও এমন হচ্ছে।
সূত্র আরো জানায়, দর্শনা – খুলনা দ্বৈত রেলপথ নির্মাণের দাবিও দীর্ঘদিনের। কিন্তু এখনো তা বাস্তবতা পায়নি। রয়েছে পরিকল্পনা পর্যায়ে। করোনা ধাক্কায় তা আরো পিছিয়ে যায়।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারও এ বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন। তিনি বলেন, করোনার কারণে দেশের অর্থনীতিতে চাপ পড়েছে। তাই নিজস্ব অর্থায়নে দর্শনা – খুলনা দ্বৈত রেলপথ নির্মাণ করা যাচ্ছে না। সে জন্যেই খোঁজা হচ্ছে ডোনার। কিন্তু তা পাওয়া যাচ্ছে না।
দর্শনা – খুলনা দ্বৈত রেলপথের প্রকল্প পরিচালক মনিরুল ইসলাম ফিরোজী দৈনিক লোকসমাজকে বলেন, এখন পিকেল ডিজাইনিঙের বা নকসা প্রণয়নের কাজ কাজ চলছে। আশা করা যায় ২০২৪ সালের ভেতর কাজ শুরু হবে।
তিনি জানান, ২০১৮ সালে এ প্রকল্প হাতে নেয়া হয়। এখন এ প্রকল্পে লোকবল দুজন। নকসা প্রণয়নের কাজ শেষ হলেই ৩ হাজার ৫শ কোটি টাকার এ প্রকল্পের কাজ শুরু হবে।