দক্ষিণ-পশ্চিমের তিন বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার দিবস পালন

0

লোকসমাজ ডেস্ক॥ গ্রন্থাগারের গুরুত্ব, মর্যাদার বিষয়ে সচেতনতা সৃষ্টি, সবার মধ্যে বই পড়ার আগ্রহ ও আনন্দ ছড়িয়ে দিতে শোভাযাত্রাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস।

দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার।’

দিবসটি উপলক্ষে বুধবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার ও একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে দিয়ে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, যবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার একাডেমিক কারিকুলাম অনুযায়ী সাজাতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াতে, শিক্ষার মান বাড়াতে এর বিকল্প নেই। গ্রন্থাগারে বই ক্রয়ের ক্ষেত্রে বই বাছাইকরণ, বই সংগ্রহ যদি আমরা একাডেমিক কারিকুলাম অনুযায়ী করতে পারি তবে শিক্ষার্থীরা লাইব্রেরিমুখি হবে।

আলোচনা পর্বে যবিপ্রবির গ্রন্থাগারিক স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন ডিনস কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন। উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. মুনিবুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ।

ইবি সংবাদদাতা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খাদেমুল হারামাইন বাদশাহ ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাংগীর আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচএম আলী হাসান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক শাহনাজ বেগম প্রমুখ।

এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন লাইব্রেরিয়ান আক্কাছ উদ্দিন পাঠান।

আলোচনা সভা শেষে জাতীয় গ্রন্থাগার দিবসের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। উদ্বোধন শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সেন্ট্রাল লাইব্রেরির সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।