দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রথম দিনে শান্তিপূর্ণ অবরোধ পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ডাকে ৩৬ ঘণ্টার অবরোধের প্রথম দিন যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সর্বত্র শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে।মঙ্গলবার অবরোধের প্রথম দিন ভোরে শীতকে উপেক্ষা কওে নেতা-কর্মীরা সড়ক-মহাসড়কে নেমে আসেন । দিনভর তারা শান্তিপূর্ণ মিছিল ও স্লোগানে কর্মসূচি পালন করেন।
বর্তমান সরকারের পদত্যাগ, একতরফা প্রহসনের নির্বাচনের তফসিল বাতিলসহ দেশব্যাপী আইন-শৃঙ্খলা বাহিনীর গণগ্রেফতার ও কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে মঙ্গলবার ভোর ৬ টা থেকে সড়ক,নৌ ও রেলপথে ৩৬ ঘণ্টার অবরোধের ডাক দেয় বিএনপি। কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের বেশ তৎপরতা ছিল। তবে কোন বাধাই তাদেরকে আটকাতে পারেনি বলে জানান দলীয় নেতা-কর্মীরা।
তারা বলেন, বিএনপির নেতৃত্বে দেশের জনগণ বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন  জনদাবিতে পরিণত হয়েছে। যে কারণে জনগণ বিএনপির নেতৃত্বে চলমান দেশ ও মানুষ বাঁচানোর আন্দোলনকে সমর্থন জানিয়ে তারাও স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নিচ্ছেন। জনতার বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
মঙ্গলবার সকাল থেকে খুলনা মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে মিছিল করে। যশোর জেলা স্বেচ্ছাসেবক দল যশোর-নড়াইল সড়কে ও জেলা ছাত্রদল শহরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে মিছিল করে। যশোর শহরের জেল রোড এলাকায় সদর উপজেলা যুবদল ও নগর বিএনপির (১,২ ও ৩) নম্বর ওয়ার্ড শাখা পৃথকভাবে অবরোধের সমর্থনে মিছিল করে। যশোর-বেনাপোল মহাসড়কে যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল, যশোর-খুলনা মহাসড়কে অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন ,অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দল, কেশবপুর-খুলনা সড়কে কেশবপুর উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল পৃথকভাবে মিছিল করে।
এদিকে এদিন সকাল থেকে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা জেলা সদরের বিভিন্ন সড়কে মিছিল করেন। সাতক্ষীরা জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা সদরের বিভিন্ন সড়কে মিছিল করেন।
কুষ্টিয়া – চুয়াডাঙ্গা মহাসড়কের খাজানগর এলাকায় কুষ্টিয়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন,কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে কুষ্টিয়ার কুমারখালি উপজেলা যুবদল ও ছাত্রদল, কুষ্টিয়া – রাজশাহী মহাসড়কে কুষ্টিয়া জেলা ও মিরপুর উপজেলা ছাত্রদল পৃথকভাবে সড়কে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে মিছিল করে।
মেহেরপুর পৌর বিএনপি পৌর সদরের প্রধান প্রধান সড়কে, জীবনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন উপজেলা সদরে, চুয়াডাঙ্গা- যশোর সড়কে দামুরহুদা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন,চুয়াডাঙ্গা- ঢাকা সড়কে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল, মাগুরা- ঝিনাইদহ সড়কে মাগুরা জেলা যুবদল ,মাগুরা জেলা শহরের নতুন বাজার এলাকায় মাগুরা জেলা ছাত্রদল অবরোধের সমর্থনে মিছিল করে। মঙ্গলবার সকাল থেকে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব সড়ক-মহাসড়কে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ ছিল।