তিন দিনের সফরে আজ ঢাকা আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

0
তিন দিনের সফরে ঢাকা পৌঁছাচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আসছেন।
সফরের প্রথম দিনেই তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরের দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল শুক্রবার তিনি কক্সবাজারে সরেজমিনে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা দেখতে যাবেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, বিশ্বমঞ্চে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক উপস্থিতি এবং আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওয়াশিংটনের এই প্রতিনিধির সফরটি বেশ তাৎপর্যপূর্ণ।

চলতি বছরের গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সার্জিও গর হচ্ছেন ওয়াশিংটন থেকে আসা তৃতীয় জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। এর আগে মার্চে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করে গেছেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বর্তমান কৌশল, আঞ্চলিক অবস্থান এবং আগামী দিনে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের রূপরেখা গুরুত্ব পাবে। বিশেষ করে জুনে প্রধানমন্ত্রীর বেইজিং সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর ভূ-রাজনীতিতে বাংলাদেশের অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে।

এই সফরে সেসব বিষয়ে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন যেমন উঠে আসবে, তেমনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো বিশেষ বার্তা থাকলে তাও বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিতে পারেন সার্জিও গর।

উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে ডোনাল্ড ট্রাম্প তার সাবেক দপ্তর কর্মকর্তা ও ব্যবসায়ী সার্জিও গরকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন।

চলতি বছরের জানুয়ারি থেকে তিনি দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখান থেকেই তিনি ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দেখভাল করছেন।