তাপপ্রবাহ অব্যাহত থাকবে, তাপমাত্রা ঠেকেছে ৩৭.৪ ডিগ্রিতে

0

লোকসমাজ ডেস্ক॥ খুলনা বিভাগসহ দেশের কয়েকটি অঞ্চলে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে। আবহাওয়া অফিস জানায়, খুলনা বিভাগসহ মাদারীপুর, চাঁদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।