তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

0
তনু হত্যা মামলায় গ্রেপ্তার হাফিজুরের ডিএনএ নমুনা সংগ্রহ; শুরু হয়েছে মেলানোর প্রক্রিয়া।। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১০ বছর পর চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথমবারের মতো কোনো আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান (৫২) সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। বুধবার (২২ এপ্রিল) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তদন্ত সূত্র জানায়, মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ২০১৬ সালে তনু হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন এবং ২০২৩ সালে সেনাবাহিনী থেকে অবসরে যান। বুধবার বিকেলে তাঁকে কড়া নিরাপত্তায় কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. তরিকুল ইসলাম। শুনানি শেষে বিচারক মো. মমিনুল হক তিন দিনের রিমান্ডের আদেশ দেন। রিমান্ড চলাকালীন তাঁর ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছে পিবিআই।

এর আগে আদালতের নির্দেশে তনু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনের ডিএনএ নমুনা মেলানোর যে আবেদন করা হয়েছিল, হাফিজুর রহমান তাদেরই একজন। মামলার বাদী ও তনুর বাবা ইয়ার হোসেন এবং মা আনোয়ারা বেগম আদালতে উপস্থিত থেকে হাফিজুরের রিমান্ড শুনানি পর্যবেক্ষণ করেন। উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন নাট্যকর্মী তনু। পরে ঝোপের মধ্য থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ তদন্ত ও ডিএনএ পরীক্ষায় তিন পুরুষের শুক্রাণু পাওয়ার তথ্য মিললেও এতোদিন কেউ গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ ছিল। এই প্রথম কোনো আসামি গ্রেপ্তার হওয়ায় মামলায় নতুন গতির সঞ্চার হলো।