ডেঙ্গুজ্বরে ঝিনাইদহের নারীর মৃত্যু

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ডেঙ্গুজ্বর  আক্রান্ত হয়ে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিজিং কোম্পানির (আইডিএলসি) নারী কর্মকর্তা প্রিয়াংকা বিশ্বাসের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ঢাকার ইবনে সিনা হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তিনি ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি ও ঝিনাইদহ শহরের পাগলাকানাই সড়কের বাসিন্দা উজ্জল হোসেন বিশ্বাসের একমাত্র মেয়ে।
প্রিয়াংকার মামা আব্দুল কুদ্দুস জানান, চার দিন আগে প্রিয়াংকা ঢাকায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। রোববার বিকেলে তার রক্তের প্লাটিলেট আশংকাজনকভাবে হ্রাস পেলে ইবনে সিনা হাসপাতালের আইসিউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১টা ৫০মিনিটের দিকে মৃত্যু বরণ করেন। বুধবার সকালে তার মরদেহ ঝিনাইদহ শহরের পাগলাকানাই সড়কের বাসভবনে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রিয়াংকার পিতা শ্রমিক নেতা উজ্জল হোসেন বিশ্বাস চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসে কিডনি বিকল হয়ে মারা যান। পিতা মৃত্যুর ৮ মাস পর একমাত্র মেয়ে প্রিয়াংকাও না ফেরার দেশে পাড়ি জমান। বুধবার বাদ জোহর পাগলাকানাই সড়কের সায়াদাতিয়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে প্রিয়াংকার মৃতদেহ চাকলাপাড়ার পঞ্চগ্রাম গোরস্থানে দাফন করা হয়।