ডুমুরিয়ায় দুই শিশুসন্তানসহ মায়ের মৃতদেহ উদ্ধার

0

এম রুহুল আমীন, ডুমুরিয়া (খুলনা) ॥ ডুমুরিয়ায় মা ও দুই শিশুসন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কোমলপুর গ্রামের সরদার পাড়ায় শনিবার সকাল ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতরা হলো- ওই গ্রামের আব্দুল মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম, ৪ বছরের শিশুকন্যা ফাতেমা খাতুন ও ৭ মাস বয়সী ছেলে ওমর ফারুক।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে কোমলপুর গ্রামের আফছার সরদারের ছেলে আব্দুল মান্নান বাড়ি ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে স্ত্রীকে ডাকতে থাকেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি তার মাকে নিয়ে ওই দরজার খিড়কি ভেঙে ঘরে ঢোকেন। সেখানে স্ত্রী ডলি বেগমকে ঘরের আড়ার সঙ্গে শাড়িতে ফাঁস দিয়ে ঝুলতে দেখেন। এ সময় দুই শিশু সন্তানের নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। স্ত্রী ডলি বেগমের মৃত্যু নিশ্চিত বুঝে ছেলে ও মেয়েকে দ্রুত ডুমরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক নাঈম উদ্দিন বলেন, হাসপাতালে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। তিনি ধারণা করেন বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ৫ বছর আগে উপজেলার কোমলপুর গ্রামের আফছার সরদারের ছেলে মান্নান সরদারের (৩৫) সাথে একই উপজেলার সাজিয়াড়া গ্রামের ইসলাম গোলদারের মেয়ে ডলি বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ৪ বছরের ফাতেমা খাতুন ও ৭ মাস বয়সী ওমর ফারুক নামে দুটি সন্তান আছে। স্বামী মান্নান একটি বইয়ের কোম্পানিতে চাকরি করেন।
এ বিষয়ে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা বলেন, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে মা ডলি বেগম দুই সন্তানকে হত্যা করে নিজে আত্মহননের পথ বেছে নিয়েছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে, তিনজনের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।