ডাকসু নেতা অপুর উদ্যোগে বাগেরহাটে ৬ শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। শনিবার শহরের আলিয়া মাদরাসায় এ ক্যাম্পের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইনসাফ’।

ক্যাম্পে নাক, কান ও গলা, মেডিসিন, অর্থোপেডিক এবং গাইনি বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ প্রদান করেন। দিনব্যাপী এই ক্যাম্পে ৬শতাধিক রোগীকে চিকিৎসা পরমর্শ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এছাড়া ৫ শতাধিক মানুষের বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় করেন স্বেচ্ছাসেবকরা।

চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক ও সার্জন ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাধন কুমার মিস্ত্রী, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. অনুপ কুমার ঘোষ এবং গাইনি বিশেষজ্ঞ ডা. ইসরাত জাহান।

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে খুশি হতদরিদ্র রোগীরা। আব্দুস ছাত্তার নামের এক রোগী জানান, টাকা দিয়ে বড় ডাক্তার দেখানো তার পক্ষে খুবই কষ্টকর। মাইকে এখানে বিনামূল্যে ডাক্তার দেখানো যাবে শুনে আসেন তিনি। ডাক্তাররাও অনেক ভালভাবে দেখেছেন। বিনামূল্যে চিকিৎসা পরামর্শের পরে ওষুধ পেয়ে খুশি এই বৃদ্ধ।

স্বেচ্ছাসেবী সংগঠন ইনসাফের সদস্য জাকির হোসেন বলেন, আলিয়া মাদরাসা, স্টেডিয়াম এলাকা, রেল বস্তি, মিঠাপুকুর পাড়, খারদ্বারসহ শহরের বেশিরভাগ এলাকায় হতদরিদ্র ও দিন মজুরদের বসবাস। সরকারি হাসপাতালে তারা পর্যাপ্ত সেবা পায় না। আবার টাকার অভাবে বেসরকারি চিকিৎসক দেখানোও সম্ভব নয়। তাই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ডাকসু’র কার্যনির্বাহী সদস্য বেলাল হোসাইন অপু জানান, বাগেরহাটবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। রোগীরাও অনেক খুশি। ভবিষ্যতে বাগেরহাটের সকল ইউনিয়নে একই ধরনের মেডিকেল ক্যাম্প করা হবে বলে জানান এই ছাত্র নেতা।