ঠাকুরগাঁওয়ে প্রাইভেট পড়ার কথা বলে একই বিদ্যালয়ের চার ছাত্রী একসঙ্গে নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

0
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই বিদ্যালয়ের ৪ ছাত্রী একসঙ্গে নিখোঁজ! গতকাল সকালে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে তারা আর ফেরেনি।। ছবি: ঠাকুরগাঁও জেলার মানচিত্র

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই বিদ্যালয়ের চার ছাত্রী একসঙ্গে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (৩০ জুন) সকালে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তারা আর ফিরে আসেনি।

নিখোঁজ চার কিশোরীর বাড়ি একই গ্রামে এবং তারা সবাই স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণি এবং একজন অষ্টম শ্রেণিতে পড়ে। একসঙ্গে চার কিশোরী নিখোঁজ হওয়ার পর থেকে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে।

এ ঘটনায় গতকাল রাতেই নিখোঁজ ছাত্রীদের অভিভাবকেরা বালিয়াডাঙ্গী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ একজনের স্বজন জানিয়েছে, আজ বুধবার (১ জুলাই, ২০২৬) সকালে নিখোঁজ চার ছাত্রীর মধ্যে একজন তার বাবার মুঠোফোনে কল দেয়। ফোনে সে জানায় যে তারা সবাই যেখানে আছে, ভালো আছে।

তবে তারা বর্তমানে ঠিক কোথায় অবস্থান করছে, তা না জানিয়েই সে দ্রুত ফোনের সংযোগ কেটে দেয়। এরপর থেকে ওই মোবাইল নম্বরটি একটানা বন্ধ পাওয়া যাচ্ছে। তারা ঠিক কী কারণে একসঙ্গে বাড়ি ছেড়েছে বা কারোর প্ররোচনায় কোথাও গিয়েছে কি না, সে বিষয়ে পরিবার বা স্থানীয়রা এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

নিখোঁজ এক ছাত্রীর বাবা বলেন, “মেয়েরা কোথায় আছে, কী অবস্থায় আছে, তা জানতে না পারায় আমরা ভীষণ উদ্বেগের মধ্যে আছি।”

অপর এক ছাত্রীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ওদের সঙ্গে কী ঘটেছে, আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা খুব চিন্তিত।”

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চার কিশোরী ছাত্রীকে সুস্থ অবস্থায় দ্রুত উদ্ধারে পুলিশের তৎপরতা ও অনুসন্ধান প্রক্রিয়া অব্যাহত রয়েছে। খুব দ্রুতই তাদের অবস্থান শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে পুলিশ।