টোল ফ্রিসহ পাঁচ দফা দাবিতে যশোরে অ্যাম্বুলেন্স মিছিল

0

স্টাফ রিপোর্টার ॥ চলাচলে জাতীয় নীতিমালা, টোল ফ্রিসহ পাঁচ দফা দাবিতে যশোরে অ্যাম্বুলেন্স মিছিল ও মানববন্ধন করেছে জেলা অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। রোববার দুপুরে যশোর জেনারেল হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে শেষে ৫ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছেন অ্যাম্বুলেন্সের মালিক ও চালক কর্মচারীরা।

এ সময় বক্তব্য দেন জেলা অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি আজাদ হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিরক, সহসভাপতি আব্দুর রাজ্জাক ও শেখ হাফিজ উল্লাহ।

বক্তরা বলেন, অ্যাম্বুলেন্স চলাচলে নানা জটিলতা থাকায় ও জাতীয়ভাবে কোনো নীতিমালা প্রণীত না হওয়ায় মালিক- চালকরা হয়রানির শিকার হচ্ছেন। একইভাবে সাধারণ মানুষও কাঙ্খিত সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। বিভিন্ন দুর্যোগসহ অনেক বাধা-বিপত্তি সত্ত্বেও আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে মানবতার সেবায় ভূমিকা রেখে যাচ্ছি। আমরা ভবিষ্যতেও দেশ ও জাতির প্রয়োজনে সব সময় পাশে থাকতে চাই।

তারা বলেন, আমরা যেন আমাদের সব সেবা দেওয়া অব্যাহত রাখতে পারি, সেজন্যে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ৫ দফা দাবি বাস্তবায়ন খুবই জরুরি।

তাদের অন্যান্য দাবিগুলো হলো, অ্যাম্বুলেন্স আয়করমুক্ত অথবা বাণিজ্যিক রেজিস্ট্রেশন, দেশের সব রাস্তা ও সেতুতে ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন, অ্যাম্বুলেন্সে আট সিটের আসন অনুমোদন ও সব হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিং সুবিধা নিশ্চিত করা। পাঁচ দফা বাস্তবায়নের জন্যে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানান তারা। একই সাথে তাদের দাবি মানা না হলে আগামী ১২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্যে সারাদেশে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করেন নেতৃবৃন্দ।