ঝিনাইদহে অস্ত্রসহ তিন চাঁদাবাজ আটক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ সদর উপজেলার কামতা গ্রাম থেকে দেশীয় অস্ত্রসহ তিন চাঁদাবাজকে আটক করেছে গ্রামবাসী। আটকরা হল, শৈলকুপা উপজেলার ফুলহরি নতুন বাজার গ্রামের চুন্নু মিয়ার ছেলে দিন মোহাম্মদ, একই উপজেলার ভগবান নগর গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস ও ঝিনাইদহ সদর উপজেলার মহামায়া গ্রামের কওছার মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম। সোমবার মধ্যরাতে গ্রামবাসী চাপাতি ও চাইনিজ কুড়ালসহ তাদের আটক করে গণটিুনি দিয়ে পুলিশে দেয়।
কামতা গ্রামের ওমর ফারুক জানান, আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় বেপরোয়া চাঁদাবাজি করে আসছিলেন। বিষয়টি বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পে জানালে ক্যাম্প থেকে গ্রামবাসীকে পাহারা বসানোর পরামর্শ দেয়া হয়। সোমবার রাতে কামতা গ্রামের মিন্টু, আবুল হোসেন ও কেরানীর বাড়িতে চাঁদার জন্যে হানা দেয় চক্রের সদস্যরা। চাঁদাবাজদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার দিলে গ্রামের মানুষ তাদের ঘিরে ফেলে। এ সময় চাঁদাবাজরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ওই রাতে গ্রামের মানুষ আবারো তাদের ধরার জন্যে ওঁৎ পেতে থাকেন। চাঁদাবাজরা আবারো গ্রামে প্রবেশ করার চেষ্টা করলে গ্রামবাসী দিন মোহাম্মদ, হৃদয় বিশ্বাস ও আশরাফুলকে দেশীয় অস্ত্রসহ আটক করেন। এ সময় মধুহাটী ইউনিয়নের আজিবর রহমানের ছেলে কোরবান আলী বোমার থলি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গ্রামবাসীর হাতে আটক চাঁদাবাজদের উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে আসে।
গ্রামবাসীর অভিযোগ, ৫ আগস্টের পর একটি সংঘবদ্ধ চক্র সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বেপরোয়া চাঁদাবাজি করলেও পুলিশের পক্ষ থেকে তারা কোন সহায়তা পাচ্ছেন না। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, চাঁদাবাজদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের সঙ্গে কারা জড়িত সেই তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। তিনি আরো জানান, এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে সাইফুল ইসলাম নামে এক গ্রামবাসী ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেছেন।