ঝিকরগাছায় হাঁসের খামারে অস্ত্র ভাণ্ডারের হোতা সোহাগ গ্রেফতার

0
সোহাগ খান (৩৫)

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া আউলিয়া পাড়ার হাঁসের খামার থেকে বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনায় ডাকাত চক্রের সেই হোতা সোহাগ খানকে (৩৫) আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার বিকেলে যশোর শহর থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে।

ডিবি পুলিশের এসআই অলক কুমার দে জানান, বিকেল পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা যশোর শহরের মুসলিম একাডেমী এলাকার ক্যান্ডেল লাইট ক্যাফে রেস্টুরেন্টের সামনে অভিযান চালান।

এ সময় সেখান থেকে অস্ত্র মামলার অন্যতম আসামি সোহাগ খানকে আটক করেন। আটক সোহাগ খান ঝিকরগাছা উপজেলার পুরন্দপুর এলাকার আব্দুল আজিজ খানের ছেলে।

ডিবি পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, গত ১০ অক্টোবর রাতে গোপন সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশারের নেতৃত্বে ডিবি পুলিশ ও ঝিকরগাছা থানার পুলিশ যৌথভাবে কাউরিয়া আউলিয়া পাড়ায় ডাকাত চক্রের হোতা সোহাগ খানের হাঁসের খামারে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে বিপুল দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, পুলিশের ব্যবহৃত পোশাক, খেলনা পিস্তল, মদের বোতল ও যৌনতা সংশ্লিষ্ট উপকরণ উদ্ধার এবং ৩ জনকে আটক করা হয়। তবে কৌশলে পালিয়ে যান সোহাগ খানসহ আরো কয়েকজন।

আটকরা হলেন, ঝিকরগাছা উপজেলার কাউরিয়া মুন্সিপাড়ার মৃত হাবিবুল্লাহ দেওয়ানের ছেলে মাহবুবুর রহমান, পারবাজার গ্রামের মৃত আশিকুল ইসলাম বাবুর ছেলে হাসিবুল ইসলাম হাসিব ও মনিরামপুর উপজেলার ঝাপা পশ্চিম পাড়ার মমিনুর রহমানের ছেলে ইউনুস আলী। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা করা হয়েছিলো।