ঝিকরগাছায় মিষ্টি খেয়ে এক পরিবারের তিনজন অজ্ঞান, হত্যা চেষ্টার অভিযোগ

0
ছবি: সংগৃহীত।

শার্শা ও ঝিকরগাছা(যশোর)সংবাদদাতা॥ ঝিকরগাছা উপজেলায় একই পরিবারের তিনজনকে মিষ্টির সাথে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে ঝিকরগাছা উপজেলার উত্তর দেউলী গ্রামে। এ ঘটনায় তারা জ্ঞান হারিয়েছেন। স্বজনরা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তাদের অবস্থা আশংকাজনক।

ভুক্তভোগী পরিবারের সদস্য কলেজ পড়ুয়া সাবিকুননাহার তিশা জানান, তার পিতা আব্দুল করিম প্রতিবেশী শহিদুল ইসলামের ছেলে ইমরান হোসেনের (৩০) কাছে আগামী ৫ বছরের জন্যে তাদের পুকুর লিজ দেন। এ কারণে ইমরান প্রায়ই তাদের বাড়িতে আসা- যাওয়া করতেন।

ইমরান শনিবার রাতে পুকুরে মাছ ছাড়ার কথা বলে তাদের বাড়িতে একটি পলিথিনে করে ৩ পিস চমচম নিয়ে যান। এরপর ইমরার জোর করে তার পিতা আব্দুল করিম (৫৫) ও তার মা ছফুরুননেছাকে (৪৫) মিষ্টি খাওয়ান।

তিশা জানান, এ সময় আমি ঘর থেকে বাইরে বের হইনি। যে কারণে মিষ্টি খাওয়া হয়নি। পরক্ষণে মিষ্টি খেয়ে আমার পিতা ও মা জ্ঞান হারিয়ে ফেলেন। তখন আমি ঘর থেকে বাইরে এসে দেখি আমার পিতা ও মা মাটিতে লুঠিয়ে পড়ে আছেন। সে সময় আমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আমার মা ও পিতাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থা এখন আশংকজনক।

তিশা আরও জানান, তাকে ক্ষতি করতে ইমরান তাদের বাড়িতে এসেছিলেন। ঘটনার পর থেকে ইমরান গা ঢাকা দিয়েছেন। অপরদিকে ইমরানের পিতা ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করতে নানান ষড়যন্ত্র করছেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।