ঝিকরগাছায় অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক যুবকেরা স্বর্ণ ছিনতাইকারী চক্রের সদস্য!

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার পারবাজার থেকে বিদেশি পিস্তলসহ আটক ৩ যুবক স্বর্ণ ছিনতাইকারী চক্রের সদস্য বলে সূত্র জানিয়েছে। পাচারকারীদের কাছ থেকে স্বর্ণের বার ছিনতাই করেন তারা। পুলিশ পরিচয়ে পাচারকারীদের কাছ থেকে স্বর্ণের বার ছিনিয়ে নেয়া হয়। গত রোববার ওই ৩ যুবককে ব্যাংকের টাকা ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে আটক করেন র‌্যাব সদস্যরা।
আটক যুবকরা হলেন-যশোর শহরতলীর শেখহাটি এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে রোকনুজ্জামান শাওন (২৯), চৌগাছা উপজেলার হায়াতপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে আল-মামুন (২২) ও ঝিকরগাছার মির্জাপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে রুবেল হোসেন (৩২)। পলাতক তাদের আরেক সঙ্গীর নাম ফাহিম। তিনি ঝিকরগাছা উপজেলার রাজার ডুমুরিয়া গ্রামের ফারুকের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা জানান, আটক তিনজনের মধ্যে রুবেল হোসেন স্বর্ণ ছিনতাইকারী চক্রের সদস্য বলে তাদের কাছে তথ্য রয়েছে। এ কারণে ধারণা করছেন, তার সঙ্গীরাও স্বর্ণ ছিনতাইকারী চক্রের সদস্য। তিনি বলেন, যশোরে স্বর্ণের বার ছিনতাইকারী চক্রের কয়েকটি গ্রুপ রয়েছে। এসব গ্রুপের হোতা চৌগাছার চাকরিচ্যুত একজন পুলিশ কর্মকর্তা। পাচারকারীরা ঝিকরগাছা ও শার্শা হয়ে সীমান্ত এলাকায় গিয়ে ভারতে স্বর্ণের বার পাচার করে থাকেন। তথ্য সংগ্রহ করার পর ছিনতাইকারী চক্রের সদস্যরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে ওৎ পেতে থাকেন। এরপর পাচারকারীদের দেখতে পেলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তারা অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণের বার ছিনিয়ে নেন। যশোরে ইতোমধ্যে ডিবি পুলিশের হাতে স্বর্ণের বার ছিনতাইকারী চক্রের কয়েকজন আটকও হয়েছেন।