ঝিকরগাছায় অনলাইন জুয়া চক্রের  ডিলারসহ ৬ জন গ্রেফতার

0

লোকসমাজ ডেস্ক।। যশোরের ঝিকরগাছায় অনলাইন জুয়া চক্রের ডিলারসহ ছয় জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। উপজেলার হাজের আলী মোড় এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বৃহস্পতিবার রাতে।

এসময় তাদের কাছ থেকে ৫টি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন, ২টি ট্যাব, ৩টি হার্ডডিস্ক, ৩০টি মোবাইল সিম কার্ড ও বিকাশ এজেন্ট অ্যাকাউন্টে থাকা ২ লাখ ৬৩ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামের নাজমুল ওয়াহিদ মিল্লাত ও নাজমুল শাহাদৎ, শার্শা উপজেলার বাগুড়ী গ্রামের মাহাবুবুর রহমান মাসুম, সাতক্ষীরা সদরের আসাদুল ইসলাম ও মোহাম্মদ জাহিদ হাসান এবং যশোর সদরের বড় মেঘলা গ্রামের তারেক রহমান।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঞা শুক্রবার সন্ধ্যায় জানান, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভার্চুয়াল কারেন্সি ও ই-ট্রানজেকশনের মাধ্যমে অনলাইন জুয়ার ব্যবসা পরিচালনা করছিল। তারা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তরুণদের জুয়ায় আসক্ত করে অর্থ হাতিয়ে নিচ্ছিল।

তিনি আরও জানান, এই চক্রটি মূলত অনলাইন জুয়ার শীর্ষ পর্যায়ের বাংলাদেশি এজেন্ট হিসেবে কাজ করত। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে লোভনীয় অফার দিয়ে মানুষকে আকৃষ্ট করত। এরপর তাদের ব্যক্তিগত বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট ব্যবহার করে লেনদেন পরিচালনা করত এবং সেই অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে বিদেশে পাচার করত। এ ধরনের অনলাইন জুয়া চক্র দেশের অর্থ বিদেশে পাচার করছে এবং তরুণ প্রজন্মকে আসক্ত করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তারা আইপিএল, বিপিএল, সিপিএলের মতো ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে বড় পরিসরে জুয়ার আসর পরিচালনা করত।

ডিবি ওসি বলেন, শুক্রবার তাদেরকে আদালতে নেওয়া হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।