জেআইসি সেলে গুম-নির্যাতন: শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন আজ

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) ২৬ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক ও বর্তমান ১১ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ আসতে পারে আজ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দিতে পারেন।

এর আগে গত ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে। মামলায় আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ আনা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, জেআইসি সেলে শত শত মানুষকে আটক রেখে অমানবিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের পর আবদুল্লাহিল আমান আযমী, মাইকেল চাকমাসহ মোট ২৬ জনকে মুক্তি দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের দাবি, সকল গুম ও নির্যাতনের নির্দেশনা দিতেন শেখ হাসিনা এবং তা সেনা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক।

শুনানি শেষে শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন।

এ মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক পাঁচজন মহাপরিচালক, পাঁচজন পরিচালক এবং একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেলকে আসামি করা হয়েছে। তবে বর্তমানে এই মামলায় তিনজন গ্রেপ্তার রয়েছেন।