জামায়াত ডেপুটি স্পিকার পদ নেবে কি না, খোলাসা হবে আনুষ্ঠানিক আলোচনায়: তাহের

0
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার সভাকক্ষে জামায়াতে ইসলামীর সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের পদ গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে নিজেদের অবস্থান ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাকক্ষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিরোধীদলীয় উপনেতা ও দলটির নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বিএনপির পক্ষ থেকে দেওয়া ডেপুটি স্পিকারের পদের প্রস্তাব গ্রহণ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। তবে সেই সিদ্ধান্তটি এখনই প্রকাশ করা হচ্ছে না। যখন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে আলোচনা হবে, তখনই সব খোলাসা করা হবে।” সাংবাদিকদের সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে তিনি রসিকতা করে বলেন, “আপনারা চৌকস সাংবাদিক, আমার কথাবার্তায় না বুঝলে কিছু করার নেই।”

বৈঠকে বর্তমান রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার বিষয়টি নিয়েও তীব্র সমালোচনা করা হয়। জামায়াত নেতা তাহের বলেন, “বর্তমান রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর। আমরা মনে করি, তাঁর সংসদে ভাষণ দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। বিএনপি কেন তাঁকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছে, তা আমাদের কাছে বোধগম্য নয়।” রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াত কী ভূমিকা নেবে, সে বিষয়ে নেওয়া সিদ্ধান্ত আগামীকাল অধিবেশন চলাকালে জানা যাবে বলে তিনি ইঙ্গিত দেন। সংসদীয় কার্যক্রমে জামায়াত সবসময় ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।