জানি না, কে বাবরকে জুতা দিতে চায়নি: উমর আকমল

0

লোকসমাজ ডেস্ক॥ সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবর আজম জানিয়েছেন, ক্যারিয়ার শুরুর দিনগুলোতে একবার এক চাচাতো ভাইয়ের কাছে জুতা ধার চেয়েও পাননি তিনি। বাবরের এমন মন্তব্যের জবাব দিয়েছেন তার চাচাতো ভাই উমর আকমল। পাকিস্তানের এ উইকেটরক্ষক ব্যাটার উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কে জুতা দিতে চায়নি বাবরকে?
নিজের খেলোয়াড়ি জীবনের শুরুর দিককার কষ্টের কথা জানিয়ে বাবর বলেছিলেন, ‘আমি আমার চাচাতো ভাইকে জিজ্ঞেস করেছিলাম, সে আমাকে এক জোড়া জগারস দিতে পারবে কি না। কিন্তু সে আমাকে মানা করে দেয় এবং বলে তার কাছে নেই।’ বাবর আরও বলেন, ‘আমি তখন বুঝতে পেরেছিলাম আমি এমন কিছু বলে ফেলেছি যা বলা ঠিক হয়নি। আমার সেদিন জুতা চাওয়াই ঠিক হয়নি।’ পাকিস্তানের বর্তমান অধিনায়কের এই দাবির বিপরীতে তার চাচাতো ভাই উমর আকমল বলেছেন, ‘আমার কোনো ধারণাই নেই আমাদের কোন চাচাতো ভাই বাবরকে জুতা ধার দিতে চায়নি।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা সবসময় আমাদের আত্মীয়দের ক্রিকেট খেলার ব্যাপারে পূর্ণ সমর্থন দিয়েছি। আমি কখনও কারও অনুরোধ ফেলিনি। যারা আমার কাছের মানুষ আছে, তারা এ বিষয়ে জানে।’