জাতীয় নির্বাচনে ভোটের সময় বাড়ল এক ঘণ্টা

0
জাতীয় নির্বাচনে ভোটের সময় বাড়ল এক ঘণ্টা: নতুন সময় সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।

এর আগের জাতীয় সংসদ নির্বাচনগুলোতে ভোটগ্রহণ শুরু হতো সকাল ৮টায় এবং শেষ হতো বিকেল ৪টায়। নতুন সিদ্ধান্তে ভোটারদের জন্য ভোটের সময়সীমা এক ঘণ্টা বাড়ল।

রোববার (৭ ডিসেম্বর) তফসিল ও গণভোটসহ বিভিন্ন বিষয় নিয়ে নির্বাচন কমিশনের পর্যালোচনা বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং এ বিষয়ে সোমবার বিটিভিকে রেকর্ডিংয়ের জন্য চিঠি পাঠানো হবে। তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভাও অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, তফসিল ঘোষণার পর থেকেই আচরণবিধি পর্যবেক্ষণে প্রতিটি উপজেলায় দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হবে। নিরাপত্তার জন্য ভোটের আগের রাতেই ব্যালট পেপার সব ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

নির্বাচনী দায়িত্বে সরকারি, আধা-সরকারি ও সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নিয়োগ করা হবে, তবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের এবার দায়িত্ব দেওয়া হচ্ছে না। এছাড়া ভোটের দিন সাধারণ ছুটি থাকবে, তবে ইসির প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে।

অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে: তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না এবং পরিষদের কোনো সদস্য নিজ পদে বহাল থেকে ভোট করতে পারবেন না। তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব নির্বাচনী পোস্টার অপসারণ করতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসীদের জন্য ব্যালট ছাপানোর কাজও সোমবার থেকে শুরু হয়েছে।