ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন বিএনপির জন্য

0
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মাহবুব আলম। তবে তাঁর বাবা আজিজুর রহমান ভোট চাচ্ছেন ওই আসনের বিএনপির প্রার্থীর জন্য।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে পারিবারিক সম্পর্ক ও রাজনৈতিক আদর্শের এক অদ্ভুত লড়াই প্রত্যক্ষ করছে স্থানীয়রা। এই আসনে ১০-দলীয় নির্বাচনী ঐক্যের শাপলা কলি প্রতীক নিয়ে লড়ছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম। তবে নিজের ছেলেকে সমর্থন না দিয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে নেমেছেন তাঁর বাবা ও স্থানীয় বিএনপি নেতা আজিজুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে অন্তত ১৮টি পথসভায় অংশ নেন আজিজুর রহমান। ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান পথসভাগুলোতে উচ্চকণ্ঠে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

রাজনীতি ও পরিবারের এই বৈপরীত্য সম্পর্কে আজিজুর রহমান বলেন, “পরিবার আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু রাজনীতি আমার আদর্শের জায়গা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার সুযোগ নেই। তবে বাবা হিসেবে ছেলের জন্য দোয়া রইল।” এদিকে বিষয়টি নজরে আসলেও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এনসিপির প্রার্থী মাহবুব আলম। তিনি কেবল জানান, বিষয়টি নিয়ে যেন তাঁর বাবাকেই জিজ্ঞাসা করা হয়। রাজনৈতিক অঙ্গনে বাবা-ছেলের এই ভিন্নমুখী অবস্থান এখন রামগঞ্জের প্রধান আলোচনার বিষয়।