ছাত্রের মায়ের মোবাইলে কুপ্রস্তাব ও নারী কেলেঙ্কারি: ঝালকাঠিতে জামায়াত নেতা বহিষ্কার

0
ছাত্রের মায়ের মোবাইলে কুপ্রস্তাব দেওয়ায় জামায়াত নেতা নুরুল্লাহ বহিষ্কার।। ছবি: সংগৃহীত
লোকসমাজ ডেস্ক ॥ অনৈতিক কর্মকাণ্ড, নারী হয়রানি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি নুরুল্লাহকে তাঁর পদ থেকে স্থগিত করা হয়েছে।
জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক নুরুল্লাহর বিরুদ্ধে এক ছাত্রের মায়ের মোবাইলে নিয়মিত কুপ্রস্তাব পাঠানোর গুরুতর অভিযোগ ওঠে। এই ঘটনা জানাজানি হলে ছাত্রের স্বজনরা তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেন।
এর কয়েক মাস আগে এক অচেনা নারীর সঙ্গে তাঁর আপত্তিকর ভিডিও কলের একটি ক্লিপও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি জেলা ও নলছিটি উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে নারী হয়রানি, নৈতিক অসঙ্গতি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়গুলো প্রমাণিত হয়।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে নুরুল্লাহর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাঁকে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ থেকে স্থগিত করা হয়।
ঝালকাঠি জেলা জামায়াতের সেক্রেটারি মো. ফরিদুল হক এ বিষয়ে নিশ্চিত করে বলেন, “জামায়াতে ইসলামী নৈতিকতা ও শৃঙ্খলার বাইরে কোনো আচরণ বরদাশত করে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার পদ স্থগিত করা হয়েছে।”
নুরুল্লাহ নলছিটি উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মাওলানা আমজাদ হোসেনের ছেলে।