চৌগাছা বাজারে জুয়েলার্সে চুরি

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা বাজারে জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরেরা দোকানের তালা ভেঙে সোনা ও রুপার গহনাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করেছে বলে ভুক্তভোগী ব্যবসায়ী দাবি করেছেন। শনিবার দিবাগত মধ্যরাতে দিপীকা জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী গণেশ কুমার জানান, তিনি চৌগাছা-ঝিকরগাছা সড়কে বাজার ব্যবসায়ী সমিতির সামনে একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। গত শনিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসাতে চলে যান।

রোববার সকালে এসে দেখেন দোকানের শাটার ভাঙা। তার চিৎকারে আশপাশের ব্যবসায়ীরা এসে দেখেন দোকানে চুরি হয়েছে। এ সময় গণেশ কুমার দাবি করেন, তার দোকান থেকে সোনা ও রূপার গহনাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে।

বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম বলেন, দোকানের সামনের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামরেরা ফুটেজে চুরির দৃশ্য দেখা গেছে। ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্তের চেষ্টা চলছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।