চৌগাছায় সুদখোরের হামলায় পিতা পুত্রসহ একই পরিবারে আহত-৩ হাসপাতালে ভর্তি

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর)॥ চৌগাছায় সুদখোরের হামলায় এক নারীসহ একই পরিবারের ৩ জন মারাত্মক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় তাদের নিকট থেকে ২৪ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। রবিবার রাতে উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামে হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগী মোশারফ হোসেন সংশ্লিষ্ঠ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
আহত ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, আফরা গ্রামের আকরাম আলীর ছেলে মোঃ বাবু এলাকার একজন চিহিৃত সুদখোর। চড়া মূল্যে সুদ গ্রহন করে সে অনেক সম্পদের মালিক হয়েছে। রবিবার রাত ৭টার দিকে সুদখোর বাবু সলুয়া বাজারে যায়। এসময় তিনি আফরা গ্রামের মুদি ব্যবসায়ী মোমারফ হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে যেয়ে মোশারফের ছেলে শাকিল আহমদের কাছে ১ লাখ টাকা দাবি করে। কিসের টাকা জানতে চাইলে সুদখোর বাবু জানায় তার পিতা বেশ আগে সুদে টাকা নেয়, সেই টাকা এখন সুদে আসলে ১ লাখ টাকা হয়েছে। শাকিল বিষয়টি মুঠো ফোনে তার পিতাকে জানায় এবং পিতা পূত্র ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সুদখোরের সাথে বেশ তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায় সুদখোর বাবু সেখান থেকে চলে আসে। রাত সাড়ে ৮ টার দিকে মোশারফ হোসেন ও তার ছেলে শাকিল আহমেদ দোকান বন্ধ করে নিজ বাড়িতে ফেরার পথে সুদখোর বাবুর বাড়ির সামনে পৌছালে বাবু তাদের গতিরোধ করে পুনরায় টাকা দাবি করে। কিসের টাকা জানতে চাইলে কোন কথা না বলে হাতে থাকা লোহার রড দিয়ে পিতা-পুত্রকে বেধড়ক মারতে থাকে। তাদের চিৎকারে বাড়ি হতে শাকিলের মা শিউলী বেগম দৌড়ে ঘটনাস্থলে পৌছালে তাকেও মেরে মারাত্মক আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। পিতা মোশারফ হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও মা শিউলী বেগম ও ছেলে শাকিল আহমেদ হাসপাতালে ভর্তি আছে। আহত মোশারফ হোসেন জানান, বাবু অত্র এলাকায় একজন চিহিৃত সুদখোর। ৫০০ টাকা দিয়ে ৫ হাজার টাকা আদায় করেছে এমন অভিযোগও আছে তার বিরুদ্ধে। আমি জীবনে কখনও কোন দিন তার সাথে লেনদেন করেনি। অথচ রবিবার আকস্মিক ভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেয়ে আমার কাছে ১ লাখ টাকা পাবে বলে দাবি করে। রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফেরার সময় পথে সে আমাদের গতিরোধ করে লোহার রড দিয়ে পিটেয়ে আহত করে। এ সময় কাছে থাকা ২৪ হাজার টাকাও সে ছিনিয়ে নেয়। আমাদের চিৎকারে বাড়ি থেকে আমার স্ত্রী শিউলী বেগম দৌড়ে আসা মাত্র তাকেও মেরে আহত করে। হামলায় সুদখোর বাবু ছাড়াও তার ভাই ডাবলু ওরফে ডাবু ও পরিবারের অপর সদস্য রেশমা খাতুন, ফাতেমা খাতুন অংশ নেয় বলে তিনি জানান। এ ঘটনায় ভুক্তভোগী মোশারফ হোসেন রবিবার রাতে সংশ্লিষ্ঠ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন, মাহাবুর রহমান, রবিউল ইসলাম, জহুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, শাহাবুর রহমান, সুমন হোসেন, মিজানুর রহমান, কামাল হোসেন বলেন, বাবু একজন পেশাদার সুদখোর। তার অত্যাচারে অতিষ্ঠ এলকার মানুষ। রবিবার রাতের ঘটনা অত্যান্ত দুঃখজনক উল্লেখ করে তারা বলেন, ভুক্তভোগী মোশারফ হোসেন নিরীহ প্রকৃতির মানুষ। তার কাছে কোন টাকা পাবেনা আমরাও জানি, অথচ বাবু ও তার পরিবার সুদের টাকা পাবে এমন দাবি করে মোশরফ হোসেন, তার স্ত্রী শিউলী বেগম ও ছেলে শাকিল আহমদকে বেধড়ক পিটিয়ে আহত করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার হওয়া জরুরী অন্যথায় সুদখোর বাবু আরও বেপরোয়া হয়ে উঠবে। সংশ্লিষ্ঠ ওয়ার্ডের ইউপি সদস্য আবু হানিফ লাল্টু বলেন, বাবু সুদখোর হিসেবে এলাকায় পরিচিত, সুদে ব্যবসায় তার মুল পেশা। তার নিকট থেকে মোশারফ হোসেন টাকা নিয়েছে এটি মিথ্যা। অন্যায় ভাবে টাকা দাবি করে তাদের উপর যে নির্যাতন করা হয়েছে এর বিচার হওয়া দরকার।