চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

0

চৌগাছা (যশোর)সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় সমশের আলী (৬৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার সিংহঝুলি গ্রামের দফাদারপাড়ার মৃত বাবুর আলী দফাদারের ছেলে। শনিবার রাতে চৌগাছা -যশোর সড়কের সিংহঝুলি গ্রামের খাঁ বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমশের আলী বাড়ি থেকে এশার নামাজ পড়ার উদ্দেশ্যে সিংহঝুলি আলিম মাদ্রাসা মসজিদে যাচ্ছিলেন। তিনি চৌগাছা-যশোর পাকা সড়কে ওঠার মুহূর্তেই যশোর থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে প্রচন্ড বেগে ধাক্কা দেয়।এতে তিনি পাশের একটি পুকুরে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকও সড়কের ওপর পড়ে যান। স্থানীয়রা জানান, মোটরসাইকেলের চালকের উপজেলার লস্করপুর গ্রামের চাল ব্যবসায়ী আহমদ আলীর ছেলে লিটন হোসেন।
স্থানীয়রা আহত সমশের আলীকে উদ্ধার করেন। এ সময় চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান গাড়িতে ওখানে হাজির হন। সেই গাড়িতে করে আহতদের চৌগাছা উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক জুলকারনাইন সমশের আলীর অবস্থা আশংকজনক হওয়ায় তাকে যশোর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে রেফাড করেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে সমশের আলীর মৃত্যুর খবর শুনে লিটন হাসপাতালে চিকিৎসা না নিয়ে পালিয়ে যান। এলাকার লোকজন জানান, লিটন প্রায়ই সন্ধ্যার দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সিংহঝুলি গ্রামে আসেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিটনের মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।