চৌগাছায় মিনি ফুটবলে বিজয় বাংলা চ্যাম্পিয়ন

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় অনুষ্ঠিত হয়ে গেলো ভিন্ন এক ফুটবল খেলা। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেলে উপজেলার দেবালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বিজয় বাংলা এক্সপ্রেস ২-১ গোলে স্বাধীন বাংলা এক্সপ্রেসকে পরাজিত করে ট্রফি জিতে নেয়। এরআগে খেলার উদ্বোধন করেন স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল কদর।

উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের সাঞ্চাডাঙ্গা ও দেবালয় গ্রামের যুব সমাজের উদ্যেগে অনুষ্ঠিত হয় চার দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট। দুই গ্রাম থেকে চারটি দল বাছাই করা হয়। দল চারটির নামকরণ করা হয় সোনার বাংলা এক্সপ্রেস, বিজয় বাংলা, সবুজ বাংলা ও স্বাধীন বাংলা এক্সপ্রেস। প্রতিটি দলে খেলোয়াড় সংখ্যা ৫ জন।

শুক্রবার খেলার প্রথম রাউন্ডে সোনার বাংলা ও সবুজ বাংলা এক্সপ্রেসকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে বিজয় বাংলা ও স্বাধীন বাংলা এক্সপ্রেস। শনিবার স্থানীয় দেবালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় কাঙ্খিত ফাইনাল খেলা।

খেলার শুরুতে আক্রমণ- পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে দুইদলের দশ খেলোয়াড় তাদের নৈপুণ্য দেখান। কিন্তু কোন দলই গোলের দেখা পায়নি। কারণ গোল বারের উচ্চতা আড়াই ফুট আর লম্বা মাত্র সাড়ে তিন ফুট। এতো ছোট বারের মধ্যে বল প্রবেশ করানোই ছিলো দুরুহ। একপর্যায়ে বিজয়ী দলের ১০ নং জার্সি পরিহিত আকাশ খেলার ১৫ মিনিটে একটি গোল করে দলকে ১-০- তে এগিয়ে নেন। স্বাধীন বাংলা খেলায় সমতা আনতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু ১৮ মিনিটে সেই আকাশই ফের গোল করে ২-০ লিড নেন।

বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয় স্বাধীন বাংলা দল। দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটে স্বাধীন বাংলার উজ্জল একটি গোল করে ব্যবধান কমান। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বিজয় বাংলা এক্সপ্রেস। রেফারির দায়িত্ব পালন করেন শহিদুল ইসলাম।

খেলা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজক আশরাফুল ইসলাম মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন ইউপি চেয়ারম্যান ও ক্রীড়া ব্যক্তিত্ব নুরুল কদর। বিশেষ অতিথির আলোচনা করেন প্রেসক্লাব চৌগাছার সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু।

অন্যানের মধ্যে আলোচনা করেন ইউপি সদস্য মশিয়ার রহমান, দেবালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দার রহমান, জহুরুল ইসরাম পলাশ, মাহফুজুর রহমান, আব্দুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।