চৌগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর)॥ চৌগাছায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশু মেহেজাবিন নূরের মৃত্যু হয়েছে। সে উপজেলার জামিরা গ্রামের আজিজুর রহমানের মেয়ে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বুধবার দুপুর ১ টার দিকে শিশুটি পানিতে ডুবে যায় বলে স্বজনরা জানান।

শিশুটির স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মেহেজাবির নূরের মা ধান সিদ্ধ করে বাসার ছাদে শুকাতে দিচ্ছিলেন। দুপুর সাড়ে ১২ টার দিকে শিশুটি এসে মায়ের হাতে কয়েকটি পাকা জাম দিয়ে খেতে বলে আবার খেলতে বের হয়ে যায়। দুপুর ১ টার দিকে স্থানীয় এক ব্যক্তি বাড়ির পাশেই পুকুরের পানিতে মেহেজাবিনের মরদেহ ভাসতে দেখে চিৎকার করেন।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির চাচা মো. প্রান্ত বলেন, মেহেজাবিন ছিল খুব মেধাবী ও শান্ত। তার অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা পরিবার।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।