চৌগাছায় নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

 

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছায় গৃহবধূ চম্পা রাণির (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের সুবল চন্দ্র বিশ্বাসের স্ত্রী। শনিবার নিজ ঘরের আড়া থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি গলায় শাড়ি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
চম্পা রাণির দেবর উত্তম কুমার বিশ্বাস বলেন, চার বছর আগে তার ভাইয়ের ছেলে চন্দন বিশ্বাস ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তখন থেকেই তার বৌদি কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। গত শুক্রবার ৫ আগস্ট রাতে বিদ্যুৎ না থাকায় তার ভাই বাড়ির সামনে নিজের চায়ের দোকানে গভীর রাত পর্যন্ত বসেছিলেন। পরে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন তার স্ত্রী নিজ ঘরের বাঁশের আড়ায় শাড়ি গলায় পেঁচিয়ে ঝুলে আছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।