চৌগাছায় চায়ের দোকানে আগুন

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ আগুনে পুড়ে ছাই হয়ে গেল যশোর চৌগাছা উপজেলার শরিফুল ইসলামের চায়ের দোকান ।  আয়ের একমাত্র উৎস পুড়ে ছাই হয়ে যাওয়ায় হতবিহবল হয়ে পড়েছেন এই চা বিক্রেতা। শনিবার দিবাগত রাতে এই আগুন লাগার ঘটনা ঘটে।
চা বিক্রেতা ও পৌর এলাকার হুদাপাড়ার বাসিন্দা শরিফুল ইসলাম জানান, চৌগাছার প্রধান কাঁচা বাজারের মধ্যে বটতলার পাশে একটি টিনের চায়ের দোকান নির্মাণ করে দীর্ঘদিন ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মত শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। রাত সাড়ে ১১ টার দিকে বাজারের নৈশ প্রহরী খবর দেয় তার দোকানে আগুন লেগেছে। তিনি দোকানে পৌঁছানোর আগে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভাতে চেষ্টা করেন কিন্তু ততক্ষনে দোকানের সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। নগদ কিছু টাকা, প্রায় ১০ হাজার টাকার মত সিগারেটসহ অন্যান্য মালামাল সব কিছুই পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে তিনি জানান। তবে কী কারনে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।
এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ।