চৌগাছায় ক্ষেতে সেচের পানি দেওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্রসহ আহত ৩

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় পিতা পুত্রসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হলেও কেউ এখনও আটক হয়নি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ ডিসেম্বর সকালে উপজেলার দক্ষিণ সাগর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে নাসির উদ্দিন চারাতলা মাঠে সরিষার ক্ষেতে সেচ দিতে যান। সেচের পানি একই গ্রামের মৃত সামছুদ্দিনের ছেলে আবু তালেবের গম ক্ষেতে চলে যাওয়া নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে আবু তালেবের হাতে থাকা কোদাল দিয়ে সরিষা ক্ষেত মালিক নাসির উদ্দিনের মাথায় কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে আহতের ছেলে কামরুজ্জামান (৩০) ও মেহেদী হাসান (১৯) ঘটনাস্থলে ছুটে গেলে আবু তালেব তাদেরকেও কোদাল দিয়ে মাথায় আঘাত করেন। পিতা ও দুই ছেলে আহতের খবর পেয়ে তাদের বাড়িতে থাকা জামাই ইউছুপ হোসেন ছুটে গেলে তাকেও কোদালের আছাড় দিয়ে পিটিয়ে আহত করে।
পরে স্থানীয়রা ছুটে এলে আবু তালেব ওই মাঠ থেকে পালিয়ে যান। এ সময় আহতদের উদ্ধার করে প্রথমে চৌগাছা পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আহত কামরুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক।
আহত নাসির উদ্দিনের জামাই ইউছুপ হোসেন বলেন, দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে তবে এখনও কেউ আটক হয়নি।